আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা প্রকৌশলী দপ্তরের (এলজিইডি) হিসাব শাখায় কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
গত শনিবার (১৪ নভেম্বর ২০২৬)- দিবাগত রাতে এ ঘটনা ঘটে।এলজিইডি সূত্রে জানা যায়, হিসাব শাখার পেছনের জানালার লক ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে চেয়ার-টেবিলে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। তবে চেয়ারে থাকা তোয়ালের কিছু অংশ পুড়ে আগুন নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ সময় নাইটগার্ড ফজলুর রহমান পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন। পরবর্তী দিন রোববার সকালে বিষয়টি দেখতে পেয়ে তিনি হিসাব শাখার দায়িত্বে থাকা মো. সাইদুর রহমানসহ অন্য কর্মকর্তাদের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। এ সময় ঘটনাস্থল থেকে কেরোসিনের একটি খালি বোতল উদ্ধার করা হয়। উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, দুর্বৃত্তরা পেছনের জানালা ভেঙে হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দিয়েছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, অগ্নিসংযোগের বিষয়টি তিনি শুনেছেন। এর আগে প্রতিটি দপ্তরপ্রধানকে নিজ নিজ কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছিল। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক শেষকথা Seshkatha News