বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) প্রতিরোধে বরগুনা সদর হাসপাতালে দিনব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হেলথ ওয়াচ ও জাগোনারীর সহযোগিতায় বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরাম এ ক্যাম্পেইনের আয়োজন করে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগে রোগী ও তাঁদের স্বজনদের নিয়ে সচেতনতামূলক সভা করা হয়। এ সময় লিফলেট বিতরণের পাশাপাশি অ্যান্টিবায়োটিকের অপব্যবহার, এর ক্ষতিকর প্রভাব, সাধারণ ভুল এবং প্রতিরোধের উপায় তুলে ধরা হয়।
বরগুনা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও প্রবীণ সাংবাদিক মনির হোসেন কামাল। প্রধান অতিথি ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম।
সভায় বক্তব্য দেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি হারুন অর রশিদ ও ফেরদৌসি মহুয়া, যুব ফোরামের ইউসুব সাগরসহ রোগীদের স্বজনরা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাতিমা কাজল। বক্তারা বলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন এবং নির্ধারিত কোর্স সম্পূর্ণ না করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হতে পারে, যা ভবিষ্যতে সাধারণ সংক্রমণের চিকিৎসাকেও কঠিন করে তুলবে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তাঁরা।
দৈনিক শেষকথা Seshkatha News