বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনায় উৎসবমুখর পরিবেশে বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ‘বর্ষ সমাপনী শিক্ষা উৎসব-২০২৬’ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬)- বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার সূযোগ্য জেলা প্রশাসক ও বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনিমেষ বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ADM) ও বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সজল চন্দ্র শীল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা। বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটিতে। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আধুনিক পাঠদান পদ্ধতি, প্রযুক্তিনির্ভর শিক্ষা উপকরণ এবং নিয়মিত মূল্যায়নের বিকল্প নেই। বক্তারা আরও বলেন, স্মার্ট পাঠশালার মাধ্যমে একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, মাল্টিমিডিয়া ও আধুনিক শিক্ষা উপকরণের যথাযথ ব্যবহার শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং আগামী দিনের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সুশিক্ষিত, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা, অভিভাবক, আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
দৈনিক শেষকথা Seshkatha News