বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এসএম মশিউর রহমান শিহাব এবং সাবেক সংসদ সদস্য ফারজানা সুমিসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। একই মামলায় অজ্ঞাতনামা আরও ১২০ জনকে আসামি করা হয়েছে। সরকার উৎখাতের উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ, সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি এবং উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রাতে বরগুনা থানায় মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত হয়। মামলার বাদী আবুল বাসার বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের বাসিন্দা এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টার দিকে বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের ময়না বাজারসংলগ্ন পাকা সেতুর ওপর এ ঘটনা ঘটে। এজাহারভুক্ত আসামিরা অজ্ঞাতনামা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে সেখানে উপস্থিত হন। পরে সেতুর ওপর অবস্থান করে পাশের দোকান লক্ষ্য করে একাধিক ককটেল নিক্ষেপ করেন বলে অভিযোগ করা হয়েছে। একই সময়ে সড়কে একাধিক টায়ারে আগুন জ্বালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে। এজাহারে আরও বলা হয়, এ সময় আসামিরা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। বর্তমান সরকার উৎখাতের উদ্দেশ্যে মিছিল ও শোডাউন করে ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। তবে মামলার আসামিদের মধ্যে থাকা রানি নামের এক গৃহবধূ ও সেলিম নামের এক দোকানদার ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। রানি বলেন, ‘আমি একজন গৃহবধূ। আমাকে কেন আসামি করা হয়েছে, তা জানি না।’ অন্যদিকে সেলিম বলেন, ‘আমি বাজারে বাজারে আলু-পেঁয়াজ বিক্রি করে সংসার চালাই। আমাকে আসামি করায় এখন পালিয়ে থাকতে হবে।’
সাবেক সংসদ সদস্য ফারজানা সুমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, মামলার আসামি রাসেল নামের একজন অন্য একটি বিস্ফোরক আইনের মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দৈনিক শেষকথা Seshkatha News