বরগুনায় কাজী, পটুয়াখালীতে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক: শাহ আলম শিকদারের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ -
বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে নিকাহ রেজিস্ট্রার (কাজী) এবং পটুয়াখালী সদর উপজেলার একটি এমপিওভুক্ত মাদ্রাসায় পূর্ণকালীন ইবতেদায়ি প্রধান হিসেবে দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে মো. শাহ আলম শিকদারের বিরুদ্ধে। একই সময়ে দুই জেলার পৃথক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন, সরকারি বেতন-ভাতা গ্রহণ এবং দায়িত্ব পালনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। এ ছাড়া সাংবাদিকদের অর্থের বিনিময়ে ম্যানেজ করার চেষ্টা ও মামলা দেওয়ার হুমকির অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। অনুসন্ধানে পাওয়া তথ্য ও সংশ্লিষ্ট কাগজপত্রের বরাতে জানা যায়, বরগুনার আমতলী উপজেলার ঘটখালী গ্রামের মৃত আদেল উদ্দিন সিকদারের ছেলে মো. শাহ আলম পটুয়াখালী সদর উপজেলাধীন হাজিখালী মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসার ইবতেদায়ি প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠানটির মাদ্রাসা কোড ১৭০৫২, ইআইআইএন ১০২৫৩৬ এবং তাঁর ইনডেক্স নম্বর ৩৬৬০৮১। তিনি রূপালী ব্যাংকের ডিবুয়াপুর শাখার মাধ্যমে নিয়মিত এমপিওভুক্ত বেতন-ভাতা উত্তোলন করেন বলে প্রাপ্ত তথ্যে উল্লেখ রয়েছে। অন্যদিকে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৭-এর ২০০২ সালের ২৫ নভেম্বরের স্মারক অনুযায়ী, তিনি বরগুনার আমতলী উপজেলার ৫ নম্বর চাওড়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজী) হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। পাশাপাশি আমতলী পৌরসভার ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডের অতিরিক্ত কাজীর দায়িত্বও পালন করছেন বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় একই ব্যক্তির পক্ষে পটুয়াখালী সদর উপজেলার মাদ্রাসায় পূর্ণকালীন শিক্ষকতার দায়িত্ব পালন এবং একই সময়ে বরগুনার আমতলীতে বিবাহ ও তালাক নিবন্ধনের কার্যক্রম পরিচালনা কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় নির্ধারিত বিধিনিষেধ লঙ্ঘন করে শাহ আলম একাধিক পেশা ও দায়িত্ব পালন করছেন। তিনি মাদ্রাসায় নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি বেতন-ভাতা উত্তোলন করছেন কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা। তবে এ অভিযোগের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত তদন্ত প্রতিবেদন বা কর্তৃপক্ষের সিদ্ধান্ত পাওয়া যায়নি।এ ছাড়া শাহ আলম সাংবাদিকতাও করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাঁর একাধিক পেশায় সম্পৃক্ততা এবং সংশ্লিষ্ট দায়িত্বগুলো পালনের প্রকৃত অবস্থা নিয়েও তদন্তের দাবি উঠেছে। এদিকে, তাঁর বিরুদ্ধে ওঠা অনিয়মের তথ্য সংবাদমাধ্যমে প্রকাশ না করতে স্থানীয় সাংবাদিকদের অর্থের বিনিময়ে ম্যানেজ করার চেষ্টা করার অভিযোগও রয়েছে। সাংবাদিকেরা এতে রাজি না হওয়ায় তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেওয়ার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি।
ইতিমধ্যে বিষয়টি তদন্ত করে শাহ আলমের এমপিও বাতিল, চাকরি থেকে বরখাস্ত এবং অনিয়ম প্রমাণিত হলে অবৈধভাবে উত্তোলিত সরকারি অর্থ ফেরত নেওয়ার দাবিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে হাজিখালী মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ বলেন, “ইবতেদায়ি প্রধান শাহ আলম যে সাংবাদিকতা করেন, তা আমার জানা নেই। তিনি কাজী—এটা জানি। তবে এ বিষয়ে আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেননি। অভিযোগ পেলে আইনের ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” অভিযুক্ত মো. শাহ আলম শিকদারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি!
সচেতন মহল ও গণমাধ্যমকর্মীরা বলছেন, অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট মাদ্রাসায় তাঁর উপস্থিতির রেকর্ড, এমপিও সংক্রান্ত নথি, নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগ ও দায়িত্ব পালনের তথ্য এবং প্রযোজ্য সরকারি বিধিবিধান পরীক্ষা করা প্রয়োজন। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।
শিক্ষাপ্রতিষ্ঠানে জবাবদিহি নিশ্চিত করা, সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা রক্ষায় দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
দৈনিক শেষকথা Seshkatha News