বরগুনা জেলা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং উপকূলীয় জনগোষ্ঠীর ঝুঁকি কমাতে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বক্তারা। তাঁরা বলেছেন, জলবায়ু মোকাবিলার পরিকল্পনা ও বাস্তবায়নে নারীদের শুধু উপকারভোগী নয়, বরং সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাবে ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন’ প্রকল্পের আওতায় ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়। জাগোনারী ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন কামাল, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, প্রকল্পের জেলা সমন্বয়ক মো. আফজাল হোসেন, অ্যাডভোকেট সেলিনা বেগম, ফেরদৌসী মহুয়া, হারুন আর রশিদ হাওলাদার এবং জাগোনারীর পরিচালক (প্রোগ্রাম) গোলাম মোস্তফা।
বক্তারা বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি ও সুপেয় পানির সংকট উপকূলীয় মানুষের জীবন ও জীবিকাকে ক্রমেই ঝুঁকির মুখে ফেলছে। এসব দুর্যোগে নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠী তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে দুর্যোগকালীন সময়ে নারীদের নিরাপত্তা, স্বাস্থ্য ও পারিবারিক দায়িত্ব পালনে বাড়তি চাপ তৈরি হয়।তাঁরা আরও বলেন, স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তাঁরা।
সভায় ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের চলমান কার্যক্রম, অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। জলবায়ু ন্যায়বিচার, নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় জনসচেতনতা বৃদ্ধি এবং নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর অ্যাডভোকেসি কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা। সভায় স্থানীয় গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক শেষকথা Seshkatha News