১ হাজার ৩৫ কোটি টাকার সন্দেহজনক ব্যাংক লেনদেনের তথ্যও পেয়েছে তদন্ত সংস্থা-
পাথরঘাটা প্রতিনিধি: বরগুনা-২ (পাথরঘাটা-বামনা- বেতাগী) আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে প্রায় ১২ কোটি ৮৭ লাখ ৬১ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার চারটি ব্যাংক হিসাবে ১ হাজার ৩৫ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার ৭৬৬ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি।
গতকাল ২৪ নভেম্বর ২০২৬- দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এসব তথ্য জানান। দুদকের তদন্তে সাবেক সংসদ সদস্য রিমনের নামে মোট ৩৫ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার ৬৮৭ টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ৪ কোটি ৯০ লাখ ৬২ হাজার ৮৬৩ টাকার স্থাবর এবং ৩১ কোটি ৮ লাখ ১ হাজার ৮২৪ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। দায়দেনা বাদ দেওয়ার পর তার নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ কোটি ৩২ লাখ ২৬ হাজার ৩৪৩ টাকা।
তদন্তে তার গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ১৬ কোটি ৮২ লাখ ৩ হাজার ৫৩৫ টাকা। পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় বাদ দিয়ে নিট আয় বা সঞ্চয় পাওয়া গেছে ১২ কোটি ৪৪ লাখ ৬৫ হাজার ৩২১ টাকা। এসব হিসাব পর্যালোচনা করে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ১২ কোটি ৮৭ লাখ ৬১ হাজার ২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুদক। এদিকে রিমনের ইসলামী ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের চারটি হিসাবে মোট ১ হাজার ৩৫ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার ৭৬৬ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। দুদকের ভাষ্য অনুযায়ী, এসব হিসাবে নগদে অর্থ জমা এবং ক্যাশ চেকের মাধ্যমে অর্থ উত্তোলন করা হয়েছে। ফলে লেনদেনের অর্থের প্রকৃত উৎস ও ব্যয়ের খাত সুনির্দিষ্টভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত চলাকালেও এসব লেনদেনের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি রিমন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২২ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীতে (বরগুনা) সংস্থাটির উপসহকারী পরিচালক সুবিমল চাকমা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। পরে মামলাটি তদন্ত করেন দুদকের উপসহকারী পরিচালক সুবিমল চাকমা ও খালিদ হোসাইন।
তদন্ত শেষে সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
দৈনিক শেষকথা Seshkatha News