বরগুনা প্রতিনিধি: বরগুনা পৌর এলাকাভুক্ত জমির বাজারমূল্য নির্ধারণে স্বচ্ছতা, বাস্তবতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। তিনি বলেছেন, জমির প্রকৃত বাজারদর বিবেচনায় নিয়ে যৌক্তিক ও গ্রহণযোগ্য মূল্য নির্ধারণ করতে হবে, যাতে জমি কেনাবেচায় স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষ উপকৃত হন।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলনকক্ষে পৌর এলাকাভুক্ত জমির বাজারমূল্য নির্ধারণবিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, জমির মূল্য নির্ধারণের ক্ষেত্রে এলাকার অবস্থান, যোগাযোগব্যবস্থা, জমির শ্রেণি, বাণিজ্যিক গুরুত্ব ও বিদ্যমান বাজারদরসহ সংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করতে হবে। কোনো পক্ষ যাতে অযথা হয়রানি বা আর্থিক ক্ষতির শিকার না হয়, সেদিকেও গুরুত্ব দিতে হবে।
সভায় বরগুনার জেলা রেজিস্ট্রার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক সজল চন্দ্র, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, জেলা মৎস্য কর্মকর্তা, বরগুনা সদর সাব-রেজিস্ট্রারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
সভায় পৌর এলাকার বিভিন্ন স্থানের জমির বিদ্যমান বাজারদর, মূল্য নির্ধারণের পদ্ধতি এবং এ-সংক্রান্ত বাস্তব সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অংশীজনেরা তাঁদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ, বাস্তবসম্মত ও জনবান্ধব জমির বাজারমূল্য নির্ধারণের ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে সভা শেষ হয়।
দৈনিক শেষকথা Seshkatha News