বরিশাল প্রতিনিধি: ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও দেশের চলমান সংকট মোকাবিলাকে সরকারের বড় চ্যালেঞ্জ: জাতীয় সংসদের চীফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মনি (এমপি- বরগুনা ২)। তিনি বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করেই পরবর্তী নির্বাচনে ভোট দেবে জনগণ। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভোটের মাধ্যমেই তার জবাব দেবে জনগণ। গত বুধবার (২১ অক্টোবর) বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত জিয়া মঞ্চের বরিশাল বিভাগীয় সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নূরুল ইসলাম মনি বলেন, বিপুল অর্থ পাচার ও ভঙ্গুর অর্থনীতির পরিস্থিতিতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দেশ পুনর্গঠনের উদ্যোগের মধ্যে বিরোধী পক্ষের লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, ঘন ঘন আন্দোলনের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা না করে সরকারের কর্মকাণ্ড মূল্যায়নের জন্য অপেক্ষা করা উচিত। বিদ্যুৎ সংকট প্রসঙ্গে চীফ হুইপ বলেন, সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে আগামী তিন বছরের জন্য করছাড় দেওয়া হয়েছে। এ সুযোগ যথাযথভাবে কাজে লাগানো গেলে এক বছরের মধ্যে বিদ্যুতের ঘাটতি পূরণ করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম ও প্রতিকূলতা মোকাবিলা করে বিএনপি ফ্যাসিবাদী সরকারের পতনে নেতৃত্ব দিয়েছে। বর্তমানে ভঙ্গুর অর্থনীতি ও নানা সংকট মোকাবিলা করে দেশ পুনর্গঠনের চেষ্টা চলছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সরকার কাজ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন অবদান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের কথাও বক্তব্যে তুলে ধরেন তিনি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য বিলকিস আক্তার জাহান শিরীন ও সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। সম্মেলন উদ্বোধন করেন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবাল। আবু তালেবের সভাপতিত্বে এবং গোলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংগঠনিক বক্তব্য দেন জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের পর জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। সম্মেলনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর থেকে আগত বিএনপি নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি
- প্রকাশের সময় : Oct 21, 2026 ইং
ছবির ক্যাপশন: ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News