আমতলী (বরগুনা) প্রতিনিধি: রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বরগুনার আমতলীতে মশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
গত বৃহস্পতিবার (২১ মে) রাত ৮টার দিকে আমতলী শহরের সরকারি একে স্কুল চৌরাস্তা থেকে মশাল মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার চৌরাস্তায় গিয়ে পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সামাজিক ও মানবাধিকারকর্মীরা অংশ নেন।
পথসভায় বক্তব্য রাখেন সমাজকর্মী আসাদুজ্জামান মোমেন আকন, রেজাউল করিম, সাজিদ ফকির এবং নারী নেত্রী মুক্তিসহ অনেকে।
বক্তারা বলেন, রামিসার মতো একটি নিষ্পাপ শিশুকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার ঘটনা পুরো জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। তারা বলেন, এ ধরনের বর্বর অপরাধ সমাজে ভয়াবহ বার্তা দেয় এবং অপরাধ প্রবণতা বাড়িয়ে তোলে।
তারা আরও বলেন, এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দ্রুত বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরের দাবি জানান বক্তারা।
দৈনিক শেষকথা Seshkatha News