-হোসনাবাদে বেড়িবাঁধ সড়কের আগাছা পরিষ্কার কার্যক্রম-
বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জলিসা বাজার থেকে পোলেরহাট (বাসন্ডা) এলাকার বেড়িবাঁধ সড়কের দুপাশের আগাছা পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সড়কটির বিভিন্ন সমস্যা তুলে ধরে পোস্ট করা হলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসে। পরে তিনি স্থানীয়দের সহযোগিতা নিয়ে যেকোনো এক শনিবার নিজ টিমসহ সড়কটির পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেওয়ার আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় শনিবার শুরু হয়েছে আগাছা পরিষ্কারের কার্যক্রম। এ সময় বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও চেয়ারম্যান পদপ্রার্থী ফয়জুল মালেক সজিবসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করেন।
স্থানীয়দের সঙ্গে নিয়ে এমন উদ্যোগের মাধ্যমে হোসনাবাদ ইউনিয়নকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও জনবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক শেষকথা Seshkatha News