বামনা প্রতিনিধি: বরগুনার বামনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে পৃথক স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গত শুক্রবার সন্ধ্যার পর উপজেলা সদর ও সোনাখালী বাজার এলাকায় পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা ছাত্রলীগের মিছিলের নিন্দা জানিয়ে বামনার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে বামনা ফায়ার সার্ভিস স্টেশনসংলগ্ন মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা আকস্মিক মিছিল বের করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বামনায় এটিই সংগঠনটির প্রথম প্রকাশ্য কর্মসূচি বলে স্থানীয়ভাবে জানা গেছে। মিছিল থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। খবর পেয়ে বামনা থানা-পুলিশ অভিযান চালালে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে অভিযান চালিয়ে উপজেলা সদরের গাজীরপুল এলাকা থেকে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে গত শুক্রবার সন্ধ্যার পর বামনা সদর উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির জোমাদ্দারের নেতৃত্বে উপজেলা সদরে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। এতে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অন্যদিকে, একই সময়ে বামনা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব আব্দুর রহমান মল্লিকের নেতৃত্বে সোনাখালী বাজার এলাকায় আরেকটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতেও উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তাঁরা ছাত্রলীগের ঝটিকা মিছিলের নিন্দা ও প্রতিবাদ জানান। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপির নেতাকর্মীরা বলেন, বামনার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাঁরা ঐক্যবদ্ধ রয়েছেন বলেও জানান। এছাড়াও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে বামনা থানা-পুলিশ সূত্রে জানা গেছে।
বামনায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
- প্রকাশের সময় : Oct 24, 2026 ইং
ছবির ক্যাপশন: বামনায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News