বরগুনায় জেলা প্রশাসনের উদ্যোগে ৩০টি বিদ্যালয়ে অভিভাবকদের জন্য
‘ছায়া-পরশ’ নির্মাণ-
বরগুনা জেলা প্রতিনিধি: বিদ্যালয়ে সন্তানদের নিয়ে আসা অভিভাবকদের বসার ও অপেক্ষার সুবিধা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বরগুনা জেলা প্রশাসন। জেলার ছয়টি উপজেলার ৩০টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের জন্য ‘ছায়া-পরশ’ নামে অপেক্ষমাণ কক্ষ নির্মাণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বরগুনা জিলা স্কুলে ‘ছায়া-পরশ’ অপেক্ষমাণ কক্ষের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার (২৫ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার---
জেলা প্রশাসক কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগে দাখিলকৃত তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়: উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. ছালেহ, নবাগত বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল নাহার তামান্না, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহসহ বিদ্যালয়ের শিক্ষকরা। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলাকালে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য সুন্দর, নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশকে আরও অভিভাবকবান্ধব করে তুলবে এবং শিক্ষার্থী ও অভিভাবক উভয়ের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে জেলা প্রশাসন বিশ্বাস করে। তিনি ‘ছায়া-পরশ’কে অভিভাবকদের জন্য এক টুকরো স্বস্তির ঠিকানা হিসেবে উল্লেখ করেন। জেলা প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যালয়ে সন্তানদের জন্য অপেক্ষারত অভিভাবকদের দীর্ঘক্ষণ রোদ-বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে হবে না। এতে বিদ্যালয়কেন্দ্রিক পরিবেশ আরও মানবিক ও স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
দৈনিক শেষকথা Seshkatha News