বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনায় উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, প্রশিক্ষণ প্রদান ও সহজ শর্তে অর্থায়নের লক্ষ্যে ‘উদ্যোগ (UDYOG)’ শীর্ষক আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার দুপুরে বরগুনার সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্টের কনভেনশন হলে এ কর্মশালার আয়োজন করে উত্তরা ব্যাংক পিএলসি। বরগুনার লিড ব্যাংক হিসেবে প্রতিষ্ঠানটি এ কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগ নেয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশালের পরিচালক মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশালের অতিরিক্ত পরিচালক সনুজয় কুমার দত্ত এবং বাংলাদেশ কৃষি ব্যাংক, বরগুনার মুখ্য আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আকিঞ্চন বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা ব্যাংক পিএলসি, বরিশাল অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মো. সাইদুল হক। বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে পুঁজির সংকট, প্রশিক্ষণ ও সঠিক দিকনির্দেশনার অভাবে অনেক সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারছেন না। এ পরিস্থিতি পরিবর্তনে উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণদের চিহ্নিত করে তালিকাভুক্তি, প্রশিক্ষণ এবং সহজ শর্তে ঋণ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। প্রধান অতিথির বক্তব্যে মো. হাফিজুর রহমান বলেন, তরুণরা যেন চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন, সে জন্য ব্যাংকগুলোকে আরও আন্তরিক হতে হবে। পাশাপাশি সম্ভাবনাময় উদ্যোগগুলোতে অর্থায়নের সুযোগ বাড়াতে হবে। সভাপতির বক্তব্যে মো. সাইদুল হক বলেন, বরগুনার প্রতিটি উপজেলায় সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করে তাঁদের পাশে থাকবে ব্যাংক। নতুন উদ্যোক্তা তৈরি হলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং বেকারত্ব কমবে।
কর্মশালায় জেলার বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। এ সময় উদ্যোক্তাদের অর্থায়ন, ঋণ আবেদন প্রক্রিয়া এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দৈনিক শেষকথা Seshkatha News