নিজস্ব প্রতিবেদক, বামনা (বরগুনা): বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ছোট ভাইজোড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সজল হাওলাদারের একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
গত মঙ্গলবার (২৩ জুন) রাত প্রায় ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে সজল হাওলাদারের মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী জানান, আগুন দেখতে পেয়ে তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফায়ার সার্ভিসের ফোন নম্বর বন্ধ পাওয়া যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা। ফলে সময়মতো কোনো সহায়তা না পেয়ে স্থানীয়দের প্রচেষ্টা ব্যর্থ হয় এবং আগুনে দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত সজল হাওলাদার জানান, দোকানে থাকা বিভিন্ন মালামাল, নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী আগুনে পুড়ে গেছে। এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। হঠাৎ এ ক্ষতিতে তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন।
ঘটনার পর পরিবারটির মধ্যে হতাশা নেমে এসেছে এবং এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবানদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
দৈনিক শেষকথা Seshkatha News