১৫০সদস্যের অংশগ্রহণে শহরজুড়ে সচেতনতামূলক প্রচার ও পরিচ্ছন্নতা কার্যক্রম-
বরগুনা জেলা প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বরগুনায় র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের যুব রেড ক্রিসেন্ট।
শনিবার (২৬ সেপ্টেম্বর) আয়োজিত কর্মসূচিতে প্রায় ১৫০ জন যুব সদস্য অংশ নেন। বরগুনা ইউনিটের পাশাপাশি সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় ও রেড ক্রিসেন্ট বিদ্যানিকেতনের যুব সদস্যরা এতে অংশগ্রহণ করেন। কর্মসূচির শুরুতে বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের নেতৃত্বে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব ও আজীবন সদস্য হুমায়ূন হাসান শাহিন, রেড ক্রিসেন্ট বরগুনা ইউনিটের সেক্রেটারি এবিএম গোলাম হায়দার নীলু, সদস্য এজেডএম সালেহ ফারুক, নাসির উদ্দিন মোল্লা, মীর সানাউল হক, ইউনিট লেভেল অফিসার এমএ করিম, সাবেক যুব প্রধান আব্দুর রহমান সজিব, যুব প্রধান মো. সজিব হোসেনসহ যুব কার্যনির্বাহী কমিটির সদস্যরা। র্যালি শেষে যুব সদস্যদের বিভিন্ন দলে ভাগ করে বরগুনা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। টাউন হল, মাছ ও কাঁচাবাজার, নজরুল ইসলাম সড়ক, হাসপাতাল সড়ক, কলেজ রোড, লাকুরতলা টাউন হল ব্রিজ, থানাপাড়া, ডিসি অফিস ও হাসপাতাল এলাকা, আমতলাপাড়া এবং চরকলোনীসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে স্বেচ্ছাসেবীরা বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ ও মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয়। কর্মসূচি বাস্তবায়নে যুব রেড ক্রিসেন্টের বিভিন্ন টিম র্যালি, ট্রাফিক ব্যবস্থাপনা, রেজিস্ট্রেশন, মিডিয়া কার্যক্রম ও এলাকাভিত্তিক পরিচ্ছন্নতা অভিযানে দায়িত্ব পালন করেন।
যুব রেড ক্রিসেন্ট বরগুনা ইউনিটের যুব প্রধান মো. সজিব হোসেন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুধু একদিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। তরুণদের সম্পৃক্ত করে জনস্বাস্থ্য সুরক্ষা ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।” সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি জরুরি। যুব রেড ক্রিসেন্টের এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
দৈনিক শেষকথা Seshkatha News