আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে ‘জয়বাংলা’ স্লোগান দেওয়ার মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা কমিটির সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মাহবুবকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আমতলী থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো. ইয়াকুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোডে দায়ের করা একটি মামলার ২২ নম্বর এজাহারভুক্ত আসামি। মামলার এজাহার সূত্রে জানা যায়, আমতলী ইউনুস আলী খান কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ‘জয়বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এ ছাড়া নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে।
আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসেন জানান, গ্রেপ্তার মাহবুব ওই মামলার এজাহারভুক্ত আসামি। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক শেষকথা Seshkatha News