গোপালগঞ্জ প্রতিনিধি: নদীভাঙনে বসতভিটা হারানো ও স্বামীকে হারিয়ে অসহায় হয়ে পড়া বরগুনার বেতাগী উপজেলার গীতা রানী কর্মকারের শেষ আশ্রয় হয়েছে গোপালগঞ্জের কাশিয়ানীর হাইশুর বৃদ্ধাশ্রমে। তাঁর মতো বিভিন্ন জেলার ২৪ জন অসহায় প্রবীণ সেখানে বসবাস করছেন। বিশ্ব মানব সেবা সংঘ পরিচালিত এ বৃদ্ধাশ্রমে ১৮ জন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। তাঁদের মধ্যে চারজন অজ্ঞাতপরিচয় নারীকে বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে আশ্রয় দেওয়া হয়েছে। তবে জরাজীর্ণ টিনের ঘর, নিরাপদ পানীয় জলের সংকট, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও আর্থিক সীমাবদ্ধতায় ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৯৯ সালে সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত প্রতিষ্ঠানটি বর্তমানে সরকারি সহায়তা ও ব্যক্তিগত অনুদানের ওপর নির্ভরশীল। প্রতিষ্ঠানটির সভাপতি আশুতোষ বিশ্বাস জানান, ২৪ জন বাসিন্দার খাবার, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে নিয়মিত অর্থের প্রয়োজন। সরকারি সহায়তা ও ব্যক্তিগত অনুদান দিয়ে কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে।
মানবিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে প্রতিষ্ঠানটি মানবকল্যাণ স্বর্ণপদক লাভ করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। তবে বরগুনার গীতা রানীসহ আশ্রিত প্রবীণদের উন্নত জীবনযাপন নিশ্চিত করতে প্রয়োজন পর্যাপ্ত অবকাঠামো ও ধারাবাহিক আর্থিক সহায়তা।
দৈনিক শেষকথা Seshkatha News