বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনায় বিআরটিসি বাসে অগ্নিসংযোগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনায় গোপন বৈঠকের অভিযোগে তথাকথিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) মিজান টাওয়ারের সামনে থেকে তাদের আটক করা হয় বলে জানা গেছে।
এদিকে, গত দুই দিনে বরগুনা জেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের একাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—বরগুনা জেলা যুবলীগের সহ-সভাপতি ও বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আরিফ হোসেন মোল্লা, বরগুনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. কবিরুর রহমান, বরগুনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন, বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. ইমরান, জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও মিজান টাওয়ারের দোকানদার জুয়েল ফরাজি এবং জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাইসুল আমিন জিলান। স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বরগুনায় অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিভিন্ন প্রতিষ্ঠানে তালা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
বরগুনায় সাম্প্রতিক অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনাগুলোর পর ধারাবাহিক গ্রেপ্তারের ঘটনায় জেলাজুড়ে কিছুটা স্বস্তি এসেছে।
দৈনিক শেষকথা Seshkatha News