ঢাকা প্রতিনিধি: দেশের বিভিন্ন জেলায় রাতভর গণপরিবহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, মহাসড়ক অবরোধ ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। ১০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
গত সোমবার (৯ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত ফরিদপুর, গাজীপুর, ধামরাই, নেত্রকোনা, নওগাঁ, মানিকগঞ্জ, বগুড়া, মাদারীপুর, পটুয়াখালী, বরগুনা, পাবনা ও শরীয়তপুরসহ বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে ফরিদপুরে। সেখানে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত চালক মো. কালাচাঁদ (৫০) দগ্ধ হয়ে মারা যান। গাজীপুরে তিনটি বাস ও একটি কাভার্ডভ্যান, নওগাঁয় দুটি বাস এবং ধামরাই ও মানিকগঞ্জে আরও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নেত্রকোনার মোহনগঞ্জে হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতেও আগুন দেওয়া হয়। এদিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে টোল আদায় বন্ধ হয়ে যায় এবং যানজটের সৃষ্টি হয়। পটুয়াখালী, বরগুনা, পাবনা ও বগুড়াসহ বিভিন্ন এলাকায় মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও যান চলাচলে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে।
বরগুনা সদরে জেলা স্কুলসহ চার উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বেতাগীতে পৌরসভার একটি গাড়িতে অগ্নিসংযোগ এবং বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ও টায়ার ফেলে অবরোধের চেষ্টা করা হয়। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, সব প্রতিষ্ঠানের তালা খুলে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ছাড়া মাদারীপুরে ককটেল বিস্ফোরণ এবং নেত্রকোনায় সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাতের যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। বিভিন্ন স্থানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছেন।
দৈনিক শেষকথা Seshkatha News