বরগুনা জেলা প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বরগুনার বেতাগীসহ উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। গত দুই দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মিলছে না। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়ায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ, দিনমজুর ও নদীতীরবর্তী জেলেরা। বৈরী আবহাওয়ার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বৃষ্টি ও ঠান্ডা বাতাসে স্থানীয় হাটবাজারে মানুষের উপস্থিতি কমেছে। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। সড়কে যানবাহন চলাচলও তুলনামূলক কম দেখা যাচ্ছে। এতে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে।
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত: আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ কারণে পায়রা, মোংলা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি বরিশাল, খুলনা ও পটুয়াখালী অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত জারি রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
মাছ ধরা বন্ধ, নিরাপদ আশ্রয়ে জেলেরা: বিষখালী নদীসহ উপকূলীয় নদ-নদীতে বৈরী আবহাওয়ার কারণে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। অনেকেই নৌকা ও ট্রলার নিরাপদ স্থানে নোঙর করে রেখেছেন। এতে দৈনিক আয়ের ওপর নির্ভরশীল জেলে পরিবারগুলো আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করছেন। অন্যদিকে, বৃষ্টি ও দমকা বাতাসের কারণে নির্মাণশ্রমিক, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও অন্যান্য খেটে খাওয়া মানুষের স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হচ্ছে। দৈনিক কাজ না থাকায় এসব মানুষের আয় কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উপকূলবাসীর মধ্যে উদ্বেগ: ঘূর্ণিঝড়ের খবর ও আবহাওয়ার অবনতিতে উপকূলীয় এলাকার মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বেড়িবাঁধের বাইরে এবং নিচু এলাকায় বসবাসকারী মানুষ সম্ভাব্য জলোচ্ছ্বাস, ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন। টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
১০ জেলায় ঝড়ো হাওয়ার পূর্বাভাস: আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১টার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে -
এ ছাড়া প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা মো. সোহেল বলেন, ‘সম্ভাব্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক দল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে উদ্ধার তৎপরতা চালানো এবং দুর্গত মানুষদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য আমাদের দল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।’ বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড় আকভান মোকাবিলায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আজ জুমার নামাজে ঘূর্ণিঝড় সম্পর্কে আলোচনা ও জনসচেতনতা তৈরির জন্য মসজিদগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে। যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন।’
উপকূলীয় এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি অব্যাহত রয়েছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
দৈনিক শেষকথা Seshkatha News