বরগুনা প্রতিনিধি: বরগুনায় অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে বরগুনা পৌর শহরের আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘মায়ের দোয়া ফ্রি মেডিকেল ক্যাম্প’-এর উদ্বোধন করা হয়।
বরগুনা পৌরসভার মেয়র প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি সন্তান অ্যাডভোকেট মুরাদ খানের সৌজন্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়। উদ্বোধন করেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত পরিচালক ডা. হুমান শাহীন খান।
ক্যাম্পে রক্তনালী ও সার্জারি বিশেষজ্ঞ ডা. এ. কে. এম. চৌধুরী (অপূর্ব) এবং গাইনি রোগ বিশেষজ্ঞ ডা. মোছা. সাবিরা সুলতানাসহ চিকিৎসকরা সেবা দেন। বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ ক্যাম্পে বরগুনার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় পাঁচ শতাধিক হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসা নিতে আসা অনেক রোগী জানান, আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে তারা চিকিৎসা নিতে পারছিলেন না। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে তারা উপকৃত হয়েছেন। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে মানবিক সহায়তার দৃষ্টান্ত তৈরি করবে।
দৈনিক শেষকথা Seshkatha News