সংসদীয় নৈতিকতা, বিশেষাধিকার, জবাবদিহি ও কার্যকর নজরদারি নিয়ে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়
যুক্তরাজ্য প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনি (এমপি) যুক্তরাজ্যের হাউস অব কমন্সের গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। এসব বৈঠকে সংসদীয় বিশেষাধিকার, নৈতিকতা, আচরণবিধি, স্বচ্ছতা, জবাবদিহি এবং সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্ট্যান্ডার্ডস অ্যান্ড প্রিভিলেজেস কমিটির চেয়ারম্যান আলবার্তো কস্তা এমপি এবং ডেপুটি চেয়ারম্যান রাইট অন. পলা বার্কারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সংসদ সদস্যদের আচরণবিধি, সংসদীয় নৈতিকতা ও বিশেষাধিকার সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন চীফ হুইপ নূরুল ইসলাম মনি (এমপি) -
বৈঠকে সংসদীয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সংসদ সদস্যদের দায়িত্ব পালনে নৈতিক মানদণ্ড বজায় রাখা এবং সংসদীয় বিশেষাধিকার যথাযথভাবে প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া যুক্তরাজ্যের হাউস অব কমন্সের প্রসিডিউর কমিটির চেয়ারম্যান ক্যাট স্মিথ এমপির (Cat Smith MP) সঙ্গে পৃথক বৈঠক করেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ। বৈঠকে সংসদীয় কার্যপ্রণালি, সরকারের জবাবদিহি নিশ্চিত করা এবং আইনসভায় কার্যকর নজরদারির বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। সংসদ সদস্যদের প্রশ্ন উত্থাপন, নোটিশ, প্রস্তাব, জরুরি বিবৃতি এবং পয়েন্ট অব অর্ডারের মাধ্যমে সরকারের কর্মকাণ্ড পর্যালোচনা ও জবাবদিহি নিশ্চিত করার পদ্ধতি নিয়ে দুই পক্ষ মতবিনিময় করেন। সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জবাবদিহিমূলক করতে যুক্তরাজ্য ও বাংলাদেশের সংসদীয় অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠক শেষে বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষ থেকে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের প্রসিডিউর কমিটির চেয়ারম্যান ক্যাট স্মিথ এমপিকে স্মারক উপহার প্রদান করেন চীফ হুইপ নূরুল ইসলাম মনি। স্মারক উপহার প্রদান দুই দেশের সংসদের মধ্যে পারস্পরিক সম্মান, বন্ধুত্ব ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের একটি তাৎপর্যপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হয়।
যুক্তরাজ্যের সংসদীয় কমিটির শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে এসব বৈঠক বাংলাদেশের সংসদীয় কার্যক্রমের মানোন্নয়ন, সংসদীয় গণতন্ত্রের চর্চা এবং আইনসভায় কার্যকর জবাবদিহি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
দৈনিক শেষকথা Seshkatha News