নিজস্ব প্রতিবেদক, পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা পৌরশহরের ছোট পাথরঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে। গত বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে হৃদয় নামে এক ব্যবসায়ীর চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কাঠের তৈরি দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে মো. কালামের চা ও মুদি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া মো. মনিরের দোকান ও বসতঘর, মো. নুর জামালের চায়ের দোকান, মো. নাইমের চায়ের দোকানসহ আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. রফিকুল ইসলাম জানান, আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা হতে পারে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিস কাজ করছে।
দৈনিক শেষকথা Seshkatha News