বরগুনা প্রতিনিধি: বরগুনায় জেলা শিশুশ্রম পরিদর্শন ও জেলা শ্রম ক্রাইসিস কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) জেলা প্রশাসন বরগুনা ও আঞ্চলিক শ্রম দপ্তর বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের “পায়রা” সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রম সংশ্লিষ্ট প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার শিশুশ্রম পরিস্থিতি, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং শ্রম সংক্রান্ত উদ্ভূত সংকট দ্রুত সমাধানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিশুশ্রম নিরসনে সচেতনতা বৃদ্ধি, শিক্ষা কার্যক্রমে শিশুদের সম্পৃক্ত রাখা এবং ঝুঁকিপূর্ণ কাজে শিশু নিয়োগ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন, “শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি। প্রশাসন, দপ্তর ও সমাজের সকলের সমন্বিত প্রচেষ্টায় শিশুদের শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করে শিশু শ্রমমুক্ত বরগুনা গড়তে হবে।”
সভায় বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং শ্রমখাতে যেকোনো সংকট দ্রুত মোকাবিলায় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা শিশুশ্রম প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
দৈনিক শেষকথা Seshkatha News