তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত দিন দিন হারাচ্ছে তার প্রাকৃতিক সৌন্দর্য। সাগরের জোয়ার-ভাটা, নদীভাঙন, অপরিকল্পিত বালু উত্তোলন ও দীর্ঘদিনের অব্যবস্থাপনায় ঝাউবন বিলীন হচ্ছে এবং সৈকতের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে পর্যটকদের নিরাপদ চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পর্যটন সম্ভাবনাও হুমকির মুখে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, ড্রেজার দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে সৈকতের ক্ষয় আরও বেড়েছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী জোছনা উৎসবও বিলুপ্তির ঝুঁকিতে পড়বে।
২০১৫ সালে বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, লেখক, আইনজীবী ও পর্যটন উদ্যোক্তা সোহেল হাফিজের উদ্যোগে শুরু হওয়া জোছনা উৎসব পরবর্তীতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ২০১৮ সাল থেকে জেলা প্রশাসন উৎসব আয়োজনের দায়িত্ব গ্রহণ করে।
পর্যটন-সংশ্লিষ্টদের দাবি, দ্রুত ভাঙনরোধী ব্যবস্থা গ্রহণ, পরিবেশ সংরক্ষণ এবং অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ করা না হলে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও এ অঞ্চলের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য চিরতরে হারিয়ে যেতে পারে।
দৈনিক শেষকথা Seshkatha News