বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের বৈদ্যুতিক মিটারের ত্রুটি থেকে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় আতঙ্কিত হয়ে চারতলা ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আনুমানিক ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে একজনকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন অভিভাবকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে বড় ধরনের আগুন লাগেনি; বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ধোঁয়া ও আতঙ্কের সৃষ্টি হয়। এতে অল্পের জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বিদ্যালয়টি রক্ষা পেয়েছে।
ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ঘটনার পর বিদ্যালয়ের নিরাপত্তা ও বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা।
দৈনিক শেষকথা Seshkatha News