বরিশাল প্রতিনিধি: বরিশাল অঞ্চলের প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে এ অঞ্চলকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬)- সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ), ঢাকা আয়োজিত ‘আগামীর বরিশাল: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চীফ হুইপ বলেন, সাগর, নদী, মৎস্য, গ্যাস ও খনিজ সম্পদসহ নানা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বরিশাল অঞ্চল। পরিকল্পিত উদ্যোগ নেওয়া হলে এখানে জাহাজ নির্মাণ, মেরামত ও ভাঙা শিল্প, গভীর সমুদ্রবন্দর এবং পর্যটনশিল্প গড়ে তোলার ব্যাপক সুযোগ রয়েছে। তিনি বরিশালসহ উপকূলীয় অঞ্চলের উন্নয়নে দীর্ঘমেয়াদি সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন। যোগাযোগ, শিল্প, বন্দর, পর্যটন, মৎস্য ও কৃষিভিত্তিক অর্থনীতিকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
উক্ত সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, দেশের উন্নয়নের জন্য অবকাঠামোর পাশাপাশি দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তুলতে হবে। ভালো ও জনকল্যাণমুখী মানুষকে রাজনীতিতে যুক্ত করার ওপরও তিনি গুরুত্ব দেন।সেমিনারে বরিশাল অঞ্চলের শিল্পায়ন, যোগাযোগ, পর্যটন, বন্দর উন্নয়ন, নদী-সমুদ্রসম্পদের ব্যবস্থাপনা এবং দক্ষ মানবসম্পদ তৈরিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
দৈনিক শেষকথা Seshkatha News