বরগুনা প্রেসক্লাবের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়, দ্রুত বাস্তবায়নের আশ্বাস
সিনিয়র স্টাফ রিপোর্টার (জাহাঙ্গীর কবির মৃধা) : বরগুনা জেলার দীর্ঘদিনের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিদ্যুৎ, শিল্পায়ন ও দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে ২১ দফা দাবি জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মণি, এমপির কাছে তুলে ধরেছে বরগুনা প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল। গত মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় চিফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মণি বলেন, বরগুনা প্রেসক্লাব দীর্ঘদিন ধরে জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে বরগুনার ন্যায্য দাবি-দাওয়া আদায়ে জেলার সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রেখেছেন। আজ বরগুনায় যে উন্নয়ন দৃশ্যমান, তার পেছনেও সাংবাদিক সমাজের নিরলস প্রচেষ্টা ও গণমাধ্যমে ধারাবাহিকভাবে বিষয়গুলো তুলে ধরার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি আরও বলেন, বরগুনার সাংবাদিকরা জেলার সমস্যা, সম্ভাবনা, দুর্যোগ, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নের বিভিন্ন বিষয় জাতীয় পর্যায়ে তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। এজন্য তিনি বরগুনার সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় বরগুনা প্রেসক্লাবের পক্ষ থেকে জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি ২১ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল- বরগুনা-ঢাকা ও বরগুনা-বেতাগী-বাকেরগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন, পূর্ণাঙ্গ বিদ্যুৎ জোনাল অফিস স্থাপন, বরগুনা জেনারেল হাসপাতালের আধুনিকায়ন, পায়রা ও বিষখালী নদীর ওপর সেতু নির্মাণ, শিল্পকারখানা স্থাপন, মৎস্য ও কৃষি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা, উপকূলীয় নিরাপত্তা জোরদার, পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূরীকরণ, জলাবদ্ধতা নিরসন, পর্যটন শিল্পের বিকাশ, পরিবেশ সংরক্ষণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন জনদাবি। দাবিগুলো শোনার পর চিফ হুইপ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রীরা দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পর্যায়ক্রমে বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন বলে সভায় জানানো হয়।
বরগুনা প্রেসক্লাবের প্রতিনিধি দলে ছিলেন বর্তমান প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সাবেক সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ ও অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা। সভা শেষে প্রতিনিধি দলের সদস্যরা আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের এসব যৌক্তিক দাবি বাস্তবায়িত হলে বরগুনার অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে এবং জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
দৈনিক শেষকথা Seshkatha News