বরগুনার তালতলী উপজেলায় বৈশাখী ঝড়ের রাতে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ ২ লাখ টাকা ও প্রায় ৮ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে গেছে।
গত বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বথিপাড়া গ্রামের আব্দুল লতিফ জমাদ্দারের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের সময় ৮ সদস্যের একটি ডাকাত দল পলিথিন কাগজের কথা বলে দরজা খুলিয়ে ঘরে প্রবেশ করে। পরে ঘরে থাকা পরিবারের সদস্যদের মারধর করে তারা লুটপাট চালায়।
এ সময় বাড়ির মালিক আব্দুল লতিফ জমাদ্দার পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছিলেন। তার স্ত্রী ছিলেন ঢাকায়। বাড়িতে ছিলেন তার ছোট ছেলে আজিম জমাদ্দার (১৭), মেজ ছেলের স্ত্রী এবং বৃদ্ধ মা।
ডাকাতরা ঘরে থাকা প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক শেষকথা Seshkatha News