মোঃ সাইফুল ইসলাম সোহেল | বরগুনা প্রতিনিধি:
বরগুনা সদর উপজেলার বিসিক শিল্পনগরীতে অনুমোদন ও প্রয়োজনীয় নিবন্ধন ছাড়াই ইঞ্জিন অয়েল ও মবিল মোড়কজাত করার অভিযোগে ‘গেইন সুপার’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রায় ৩ লাখ ৪১ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। গত রোববার (৮ নভেম্বর ২০২৬)- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তারের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর তাজওয়ার। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বরগুনা কার্যালয়ের পরিদর্শক আশিকুর রহমান। জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিক শিল্পনগরীতে অবস্থিত ‘গেইন সুপার’ প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় নিবন্ধন ছাড়াই নিজস্ব ব্র্যান্ডের নামে বিভিন্ন ধরনের ইঞ্জিন অয়েল ও মবিল মোড়কজাত করে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে বিভিন্ন আকারের ক্যান, ব্যারেল ও বালতিতে এসব পণ্য প্যাকেজিং করতে দেখা যায়। এ সময় পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ, মূল্য এবং উৎপাদনস্থলের ঠিকানাসহ ভোক্তার জন্য প্রয়োজনীয় তথ্যের যথাযথ উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি পণ্য মোড়কজাতকরণের প্রয়োজনীয় নিবন্ধনও ছিল না বলে জানায় জেলা প্রশাসন। অভিযানে প্রতিষ্ঠানটি থেকে ৮৪ কার্টন কালো ক্যান, ৬০ কার্টন কমলা ক্যান, ১ হাজার ৩০টি খালি ব্যারেল, ৬টি পাঁচ লিটারের মবিলের বোতল, ১৮১টি এক লিটারের মবিলের বোতল এবং ১ হাজার ৩০টি খালি প্লাস্টিকের বালতি জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৪১ হাজার ১০০ টাকা। জেলা প্রশাসন জানায়, ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ২৪ ধারায় মোড়কজাত পণ্যের নিবন্ধন এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখের বাধ্যবাধকতা রয়েছে। আইন অমান্য করায় প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। জব্দ করা মালামাল বিধি অনুযায়ী নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর তাজওয়ার জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অনিয়ম ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি ও আর্থিক প্রতারণা রোধে জেলা প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান চলবে। জনস্বার্থে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের আইনি পদক্ষেপ আরও জোরদার করা হবে।
সচেতন মহলের মতে, শুধু জরিমানা ও মালামাল জব্দের মধ্যেই অভিযান সীমাবদ্ধ না রেখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পণ্যের সরবরাহব্যবস্থা, বাজারজাতকরণ এবং গুণগত মানও খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি বরগুনার বাজারে বিক্রি হওয়া ইঞ্জিন অয়েল ও মবিলের মান যাচাইয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
দৈনিক শেষকথা Seshkatha News