বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় দিনে-রাতে ১০ থেকে ১৫ বার পর্যন্ত বিদ্যুৎ আসা-যাওয়া করছে। একবার বিদ্যুৎ এলেও স্থায়ী হচ্ছে সর্বোচ্চ আধা ঘণ্টা। এতে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন পৌরবাসী। ব্যাহত হচ্ছে পানি সরবরাহ, অফিস-আদালত, ব্যাংক-বীমা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্যের কার্যক্রম। ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে কম্পিউটার, ফটোকপিয়ার ও হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিদ্যুৎচালিত পাম্প বন্ধ থাকায় বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানির সংকট। লোডশেডিংয়ের প্রতিবাদে গত ৩ আগস্ট জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেওয়া হয়। সাত দিনের সময়সীমা পার হলেও পরিস্থিতির উন্নতি হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের। বরং লোডশেডিং আরও বেড়েছে বলে দাবি তাদের। বরগুনা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. আমিনুর রহমান জানান, শহরে প্রায় ৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে ১০ আগস্ট সরবরাহ পাওয়া গেছে ৩ মেগাওয়াটের কম। পল্লী বিদ্যুৎ এলাকাতেও প্রায় ৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে সাড়ে ৩ থেকে ৪ মেগাওয়াট। জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ ও চাহিদার ঘাটতির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
এদিকে নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি জানিয়েছে, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে তারা আবারও শান্তিপূর্ণ আন্দোলনে নামবে।
দৈনিক শেষকথা Seshkatha News