বরিশাল প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া থেকে বরগুনার পাথরঘাটা হয়ে ৩৮ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ সড়কে নির্মাণকাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী ও স্থানীয় বাসিন্দা। সড়ক ও জনপথ অধিদপ্তরের (আরএইচডি) আওতায় জরাজীর্ণ লোহার সেতু ও কালভার্ট প্রতিস্থাপনে ২০২৩ সালের সেপ্টেম্বরে ছয়টি প্যাকেজে কাজ শুরু হয়। ৩৩২ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি ২০২৬ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও সময়সীমা বাড়িয়ে ২০২৮ সালের ৩০ জুন করা হয়েছে। প্রকল্পের আওতায় ১৬টি সেতু ও ২৯টি কালভার্ট নির্মাণ হচ্ছে। কাজ চলমান থাকায় বিভিন্ন সংযোগ সড়ক বন্ধ, কোথাও নির্মাণসামগ্রী স্তূপ করে রাখা এবং সড়ক সংকুচিত হয়ে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। শুষ্ক মৌসুমে নির্মাণস্থলের ধুলায় পথচারী ও যাত্রীদেরও ভোগান্তি বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, একটি নতুন সেতুর সংযোগ সড়কের সহায়ক দেয়ালের অংশ ধসে পড়ায় নির্মাণকাজের মান নিয়েও প্রশ্ন উঠেছে। যানবাহনের চালকেরা বলছেন, সড়কের ব্যবহারযোগ্য অংশ সংকুচিত হওয়ায় যানজট ও যাতায়াতে বিলম্ব হচ্ছে।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রুবেল জানান, প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। ভূমি অধিগ্রহণে বিলম্বের কারণে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছিল এবং সেই প্রক্রিয়া ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হয়েছে। তিনি আরও জানান, প্রকল্প ব্যয় বাড়ানো হয়নি এবং সড়ক প্রশস্ত করার সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা চলছে। সংশ্লিষ্টদের আশা, দ্রুত নির্মাণকাজ শেষ হলে পিরোজপুর–বরগুনা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ কমবে।
দৈনিক শেষকথা Seshkatha News