বরগুনা প্রতিনিধি: কক্সবাজারে ইকো রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়েছেন ঢাকার দক্ষিণ বনশ্রীর পশ্চিম নন্দীপাড়ার বাসিন্দা আশিকুল ইসলাম (৩৫)। দগ্ধ হওয়ার হাত থেকে প্রাণে বাঁচলেও প্রিয়জনদের হারিয়ে শোকাহত তিনি।
তিন দিন আগে স্ত্রী ও স্বজনদের নিয়ে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন আশিকুল ইসলাম। তাঁদের থাকার ব্যবস্থা হয়েছিল কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের সাগরপাড়ের টুপটুপে ইকো রিসোর্টে। শনিবার সকালে ঢাকায় ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু তার আগেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। গত শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে রিসোর্টে আগুন লাগলে ঘুমন্ত অবস্থায় বিপদের মুখে পড়েন আশিকুল ও তাঁর স্বজনেরা। আশিকুল জানান, আগুন লাগার সময় তাঁরা ঘুমিয়ে ছিলেন। তিনি দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে যান। এরপর কী ঘটেছে, তা তাঁর মনে নেই। এ অগ্নিকাণ্ডে আশিকুলের স্ত্রী ইসরাত জাহান মালিহা (৩০), শ্যালিকা মিলিতা মেহেজাবিন আলভী (২৩), লায়লা জাহান নাবিলা (২৭), খালা শাশুড়ি ফারিহা কবির (৩৩), তাঁর পাঁচ বছর বয়সী সন্তান ফায়িজান আহমেদ এবং ভাই কৌশিক জেরিফ (২৪) নিহত হন। এ ঘটনায় মোট ১০ জন পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে ফারিহা কবির, কৌশিক জেরিফ ও ফায়িজান আহমেদ বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কালিপুরা গ্রামের একই পরিবারের সদস্য। তাঁদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনেরা জানিয়েছেন, মরদেহ শনাক্ত ও হস্তান্তরের জন্য ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া অনুসরণের কথা জানিয়েছে প্রশাসন। এদিকে আশিকুল ও তাঁর পরিবারের সদস্যদের এই মর্মান্তিক পরিণতিতে স্বজনদের মধ্যে শোক ও উদ্বেগ বিরাজ করছে।
দৈনিক শেষকথা Seshkatha News