বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা জেলা কারাগারে প্রায় ১০ মাস দায়িত্ব পালনের পর নতুন কর্মস্থল সিরাজগঞ্জ জেলা কারাগারে যোগ দিতে যাচ্ছেন জেল সুপার মো. আনোয়ার হোসেন। গত মঙ্গলবার (১১ আগস্ট) রাতে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
দায়িত্ব পালনকালে বন্দিদের সঙ্গে মানবিক আচরণ, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং ঈদসহ বিভিন্ন উৎসবে বিশেষ আয়োজনের মাধ্যমে তাদের আনন্দ ভাগ করে নেওয়ার কারণে তিনি বন্দি ও সহকর্মীদের কাছে প্রশংসিত হন। ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’ প্রত্যয়কে সামনে রেখে বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের বিষয়েও তিনি গুরুত্ব দেন। এছাড়া কারারক্ষী ও সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলে বিভিন্ন ক্রীড়া ও বিনোদনমূলক আয়োজনের মাধ্যমে কর্মপরিবেশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরিতে ভূমিকা রাখেন। বিদায়ী অনুষ্ঠানে আনোয়ার হোসেনকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। একই অনুষ্ঠানে বরগুনা জেলা কারাগারের নতুন জেল সুপার হিসেবে দায়িত্ব নেন মো. মুজিবুর রহমান। এর আগে তিনি হবিগঞ্জ জেলা কারাগারে কর্মরত ছিলেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলার আমিনুর রহমানসহ কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দৈনিক শেষকথা Seshkatha News