বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগীতে ‘গ্রিন লিভ ফ্যাশন’ নামে একটি ক্ষুদ্র পোশাক কারখানা গড়ে উঠেছে। স্থানীয় উদ্যোগ ও পুঁজিতে প্রতিষ্ঠিত এ কারখানায় কর্মসংস্থান হয়েছে ২৫ জনের। তাঁদের মধ্যে রয়েছেন যুবক, বিধবা, তালাকপ্রাপ্ত, প্রতিবন্ধী ও অনগ্রসর নারীরা। উপজেলা সদর থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে বুড়ামজুমদার ইউনিয়নের কাজীর হাটের তুলতলা এলাকায় বরগুনা-বেতাগী আঞ্চলিক সড়কের পাশে কারখানাটি অবস্থিত। ২০২৫ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি চলতি বছর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। কারখানায় কর্মরত শ্রমিকেরা জানান, নিজ এলাকায় কাজের সুযোগ পাওয়ায় তাঁদের আয়ের পথ তৈরি হয়েছে। বেতাগী বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বরুন কৃষ্ণ কর্মকার মনে করেন, বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে এ কারখানার পোশাকের চাহিদা বাড়তে পারে। কারখানার স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন জানান, সহজ শর্তে ঋণ ও কারিগরি সহায়তা পেলে প্রতিষ্ঠানটি আরও বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সুশাসনের জন্য নাগরিকের বেতাগী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মহসীন খান বলেন, এ শিল্পের প্রসারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, আধুনিক প্রশিক্ষণ, উন্নত বিপণন ব্যবস্থা এবং সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বলেন, গ্রামীণ জনপদে এ ধরনের ক্ষুদ্র পোশাক কারখানা কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করেছে এবং শহরমুখী হওয়ার প্রবণতা কমাতে ভূমিকা রাখতে পারে।
দৈনিক শেষকথা Seshkatha News