সাইফ সোহেল ।। বিশেষ প্রতিনিধি : “মাদক থেকে দূরে থাকুন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে সচেতন হউন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনা সরকারি কলেজে নারী ও কন্যা শিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে তরুণ-তরুণীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯/০৯/২০২৬ তারিখ মঙ্গলবার সকাল ১০:৩০ ঘটিকায় বাংলাদেশ মহিলা পরিষদ, বরগুনা জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদ বরগুনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সেলিনা আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. মতিউর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বরগুনা সরকারি কলেজের অধ্যাপক মো. আহসান হাবিব বক্তব্য রাখেন। সভায় বক্তারা বর্তমান সময়ে তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয় রোধে মাদকের কুফল এবং ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের নেতিবাচক দিকগুলো তুলে ধরেন। তারা বলেন, একটি নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গঠনে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে এবং নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। সাইবার অপরাধ প্রতিরোধ ও তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারে তরুণ-তরুণীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। পরিবেশ বিষয়ক সম্পাদক গৌরী মজুমদারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমা বেগম, জেলা শাখার সহ-সভাপতি বেবী দাস ও ডা. মনিজা জলি, সংগঠন সম্পাদক ফেরদৌসী বেগম মহুয়া এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী সেলিনা হোসেন প্রমুখ। কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী ও তরুণ-তরুণীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি সফলভাবে সম্পন্ন হয়।
বরগুনায় নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধে তরুণ-তরুণীদের নিয়ে মতবিনিময়
- প্রকাশের সময় : Sep 29, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনায় নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধে তরুণ-তরুণীদের নিয়ে মতবিনিময় সভা
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News