আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী এলাকার ঝুঁকিপূর্ণ ব্রিজ অপসারণ করে দ্রুত নতুন ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
গত শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬)- সকাল সাড়ে ১০টায় ব্রিজের পশ্চিম পাশে বাজারসংলগ্ন এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন আমতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মিয়া, সমাজসেবক গোলাম মোস্তফা, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মুন্সী ও বরগুনা জেলা যুবদলের সম্পাদক আসাদুজ্জামান মোমেন আকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, প্রায় ৫০ হাজার মানুষের চলাচলের একমাত্র ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজ দিয়ে বড় যানবাহন চলাচল করতে না পারায় ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সম্প্রতি বাজারে অগ্নিকাণ্ডে প্রায় ১২টি দোকান পুড়ে গেলেও ঝুঁকিপূর্ণ ব্রিজের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এমনকি অ্যাম্বুলেন্স চলাচলেও বাধার সৃষ্টি হচ্ছে। এ সময় বক্তারা জনদুর্ভোগ নিরসনে দ্রুত ঝুঁকিপূর্ণ ব্রিজটি অপসারণ করে সেখানে নতুন ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
দৈনিক শেষকথা Seshkatha News