বিশেষ প্রতিবেদন: বরগুনা শহরের পশ্চিম প্রান্তে বিষখালী নদীর তীরে গড়ে উঠেছে সুরঞ্জনা ট্যুরিজম ইকোপার্ক। সাংবাদিক ও আইনজীবী সোহেল হাফিজের ব্যক্তি উদ্যোগে ২০২০ সালে যাত্রা শুরু করা এ পর্যটনকেন্দ্রটি ধীরে ধীরে স্থানীয়দের বিনোদনের অন্যতম আকর্ষণ হয়ে উঠছে। প্রায় ৫০ প্রজাতির সহস্রাধিক দেশীয় ফলদ বৃক্ষ, কাশবন, হোগলা ও নলখাগড়ায় ঘেরা সুরঞ্জনার প্রধান আকর্ষণ এর প্রাকৃতিক পরিবেশ। পাখির অভয়াশ্রম ও বৃক্ষ পুনর্বাসন কেন্দ্রও রয়েছে এখানে। বিষখালী নদীর বাতাস, সবুজের সমারোহ ও পাখির কলকাকলিতে পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে প্রতিদিনই দর্শনার্থীরা আসছেন। পর্যটকদের থাকার জন্য রয়েছে ছয়টি কটেজ। পাশাপাশি ‘গাঙচিল’ মিলনায়তনে সভা, প্রশিক্ষণ, বিয়ে, জন্মদিন ও বিভিন্ন সামাজিক আয়োজনের সুযোগ রয়েছে। ছুটির দিন, ঈদ ও পূজায় দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায়।
সাংবাদিক-পরিবেশকর্মী এবং পর্যটন উদ্যোক্তা সোহেল হাফিজের লক্ষ্য, প্রকৃতিকে অক্ষুণ্ন রেখে বরগুনার পর্যটন সম্ভাবনাকে এগিয়ে নেওয়া। তাঁর ভাষায়, সুরঞ্জনা শুধু বিনোদনের স্থান নয়—প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক তৈরির একটি ছোট উদ্যোগ।
দৈনিক শেষকথা Seshkatha News