বরগুনার বেতাগীতে দায়িত্ব পালনকালে বিতর্কে জড়ানো সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ -
দশ বছর আগে অবসরে যাওয়া পরিচ্ছন্নতাকর্মীর স্বাক্ষর জাল করে বিল-ভাউচার তৈরি এবং সেপটিক ট্যাংক পরিষ্কারের নামে ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানউল্লাহ আল মামুনের বিরুদ্ধে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানেও অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানা গেছে। অভিযুক্ত এই স্বাস্থ্য কর্মকর্তা এর আগে বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে অনিয়ম- দুর্নীতির অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। ২০২২ সালের ১৩ জুন স্থানীয় জনগণ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন। সে সময় তাঁর বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একাধিক লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। সম্প্রতি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৫-২৬ অর্থবছরের বিভিন্ন খাতের বরাদ্দ ব্যয়ে অনিয়মের অভিযোগে গত ১৫ নভেম্বর অভিযান চালায় দুদক ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল। অভিযানে ভুয়া বিল-ভাউচার, স্বাক্ষর জালিয়াতি এবং হিসাবরক্ষণসংক্রান্ত অনিয়মের তথ্য পাওয়া যায় বলে জানা গেছে। এ ছাড়া সরকারি ওষুধ বিতরণ, রোগীদের খাবার এবং বিভিন্ন খাতের ব্যয় নিয়েও অনুসন্ধান করেছে দুদক। এ ঘটনায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানউল্লাহ আল মামুনের বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, বেতাগীতে দায়িত্ব পালনকালে অনিয়ম-দুর্নীতির অভিযোগে আলোচনায় আসা এই কর্মকর্তার বিরুদ্ধে এবার ঝিনাইদহে নতুন করে দুর্নীতির অভিযোগ ওঠায় স্বাস্থ্য বিভাগের জবাবদিহি ও প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
দৈনিক শেষকথা Seshkatha News