নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনার বামনায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. ইসহাক জমাদ্দারের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলনের উদ্যোগ নেওয়া হলেও পরিবারের লিখিত আপত্তির মুখে তা স্থগিত করা হয়েছে। জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার শ্যামলী ক্লাব মাঠসংলগ্ন এলাকায় স্বৈরাচারবিরোধী বিজয় মিছিল চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বামনা উপজেলার বেবাজিয়াখালী গ্রামের মৃত আজিজ জমাদ্দারের ছেলে মো. ইসহাক জমাদ্দার। আদালতের নির্দেশনা অনুযায়ী গত মঙ্গলবার (৪ আগস্ট) মরদেহ উত্তোলনের জন্য বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ সাইফুল্লাহ, বামনা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে যান।
এ সময় শহীদ ইসহাকের ছেলে মো. সবুজসহ পরিবারের সদস্যরা ধর্মীয় অনুভূতি, সামাজিক বাস্তবতা এবং মানসিক কষ্টের বিষয় উল্লেখ করে মরদেহ উত্তোলনের বিরুদ্ধে লিখিত আবেদন দেন। পরিবারের এই আপত্তির পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মরদেহ উত্তোলনের কার্যক্রম স্থগিত রাখে।
এ বিষয়ে বরগুনার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ সাইফুল্লাহ বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ উত্তোলনের জন্য ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মরদেহ উত্তোলন না করার আবেদন দেওয়া হয়েছে। আবেদনটি গ্রহণ করা হয়েছে।
দৈনিক শেষকথা Seshkatha News