নিজস্ব প্রতিবেদক, বরগুনা: তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বরগুনায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। একই সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে প্রতিযোগিতাটির উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার, পুলিশ সুপার কুদরত-ই-খুদা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ সময় রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, ক্রীড়াবিদ, আমন্ত্রিত অতিথি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এ ক্রীড়া উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা, তাদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং ক্রীড়াঙ্গনে ভবিষ্যৎ গড়ার সুযোগ সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
বক্তারা আশা প্রকাশ করেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ তরুণদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দৈনিক শেষকথা Seshkatha News