যুক্তরাজ্য প্রতিনিধি: বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় সম্পর্ক জোরদারে লন্ডনের ওয়েস্টমিনস্টারে যুক্তরাজ্যের পার্লামেন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশের আট সদস্যের একটি বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দল। ১৭ থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত চার দিনের এ সফরে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা ২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি (এমপি) -
প্রতিনিধি দলে সরকারি দলের পাঁচজন এবং বিরোধী দলের তিনজন সংসদ সদস্য ছিলেন। সফরের মূল উদ্দেশ্য ছিল সংসদীয় গণতন্ত্র, আন্তর্জাতিক সহযোগিতা এবং দুই দেশের পার্লামেন্টের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা। সফরের প্রথম তিন দিন যুক্তরাজ্যের পার্লামেন্টে বিভিন্ন প্যানেল আলোচনা ও মতবিনিময় অধিবেশনে অংশ নেন বাংলাদেশের সংসদ সদস্যরা। এসব আলোচনায় আইন প্রণয়ন প্রক্রিয়ার তদারকি, সংসদীয় কমিটির কার্যক্রম এবং সংসদ সদস্যদের ভূমিকা ও দায়িত্বসহ গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এ সময় দুই দেশের সংসদ সদস্যরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার পাশাপাশি সংসদীয় কার্যক্রমে সর্বোত্তম চর্চা অনুসরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সফরের শেষ দিনে যুক্তরাজ্যের একজন সংসদ সদস্যের নির্বাচনী এলাকা পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে স্থানীয় জনগণের সঙ্গে নির্বাচিত প্রতিনিধিদের সম্পৃক্ততা, নির্বাচনী এলাকার উন্নয়নমূলক কার্যক্রম এবং জনসেবা প্রদানে সংসদ সদস্যদের ভূমিকা সম্পর্কে সরেজমিন ধারণা নেন তাঁরা। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ইউকের (সিপিএ ইউকে) উদ্যোগে আয়োজিত এ সফরকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের সংসদীয় সম্পর্ক জোরদার, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং কার্যকর ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক প্রতিষ্ঠান গঠনে অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
দৈনিক শেষকথা Seshkatha News