ঢাকা প্রতিনিধি: দেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার ও বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বরগুনা ২ আসনের চারবারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের উদ্যোগে ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দি আহমদ বীর বিক্রম। চীফ হুইপ বলেন, দারিদ্র্য ও অর্থনৈতিক অসচ্ছলতা দূর না হলে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বাসস্থান ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা সম্ভব নয়। তাই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বাস্তবভিত্তিক ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, উৎপাদনমুখী অর্থনীতি এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, এসব উদ্যোগের সুফল প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, সর্বদলীয় সংসদীয় ককাসের মাধ্যমে দলীয় মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার ও জীবনমান উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা সম্ভব। এ ক্ষেত্রে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ জরুরি।
দৈনিক শেষকথা Seshkatha News