আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে মো. মাইনুদ্দীন নামে নবনিযুক্ত এক ইমামকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক মুসল্লির বিরুদ্ধে। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে চাওড়া ইউনিয়নের কালীবাড়ী গ্রামের মৃধাবাড়ী জামে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে মুসল্লি মো. জামাল মৃধা তার পথরোধ করে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন ইমাম মাইনুদ্দীন। মসজিদ কমিটি সূত্রে জানা যায়, সম্প্রতি নতুন কমিটি গঠনের পর তাদের সিদ্ধান্ত অনুযায়ী মাইনুদ্দীনকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে এ নিয়োগ নিয়ে মুসল্লি জামাল মৃধার আপত্তি ছিল বলে সংশ্লিষ্টরা জানান। এ বিরোধের জেরেই হুমকির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। মসজিদ কমিটির সভাপতি মো. মস্তফা মৃধা ইমামের অভিযোগের প্রাথমিক সত্যতা দাবি করেছেন। উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাওলানা মো. ওমর ফারুক জিহাদী জানান, দুই পক্ষের বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও পরবর্তীতে ইমামের সঙ্গে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। তবে অভিযোগ অস্বীকার করে জামাল মৃধা বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা!
স্থানীয় মুসল্লিরা মসজিদকেন্দ্রিক বিরোধ দ্রুত নিরসন করে ধর্মীয় পরিবেশ শান্তিপূর্ণ রাখার দাবি জানিয়েছেন।
দৈনিক শেষকথা Seshkatha News