মহিবউল্লাহ কিরন,বরগুনা প্রতিনিধি: আমতলী উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। বরগুনা জেলা সদর থেকে আমতলী উপজেলা সদরে স্থানান্তর করা হয়েছে সিনিয়র সিভিল জজ আদালত। গত সোমবার (২৪ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৪ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, Civil Courts Act, 1887-এর Section 14-এর Sub-section (1)-এ প্রদত্ত ক্ষমতাবলে বরগুনা জেলা সদরে অবস্থিত আমতলী উপজেলার অধিক্ষেত্র প্রয়োগকারী সিনিয়র সিভিল জজ আদালতটি জেলা সদর থেকে আমতলী উপজেলা সদরে স্থানান্তর করা হয়েছে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।
স্থানীয়ভাবে জানা গেছে, আদালতটি আমতলীতে স্থানান্তরের দাবিতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট কায়সার কামাল ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি, এমপির ডিও লেটার,আমতলী উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গাজী তৌহিদুল ইসলাম সহ সংশ্লিষ্টদের উদ্যোগ ও সহযোগিতা ছিল। পাশাপাশি বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন, সহকারী পিপি অ্যাডভোকেট মাহাবুব আলম এবং আমতলী আইনজীবী সমিতির আইনজীবীদের ঐকান্তিক প্রচেষ্টা ও সমন্বিত ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মাদ আশেকুর রহমান স্বাক্ষর করেছেন। আদালতটি আমতলীতে পুনঃস্থাপনের ফলে উপজেলার বিচারপ্রার্থী সাধারণ মানুষের সময়, অর্থ ও ভোগান্তি কমবে বলে আশা করছেন স্থানীয়রা।
দৈনিক শেষকথা Seshkatha News