বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল রুবেল হোসেনের বিরুদ্ধে মাদক সরবরাহ ও সেবনের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন নজরদারির পর গত রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬)- বেতাগীর চান্দখালী এলাকা থেকে তাকে আটক করে নিজ বিভাগের সদস্যরা। অধিদপ্তর সূত্র জানায়, ঢাকা থেকে ইয়াবার চালান নিয়ে বরগুনায় আসার তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসানো হয়। আটকের সময় রুবেল একটি ছোট ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা গেলেও ব্যাগটি উদ্ধার করা সম্ভব হয়নি। ব্যাগে মাদক ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি!
পরবর্তীতে সোমবার (২১ সেপ্টেম্বর) বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডোপ টেস্টে রুবেলের শরীরে মাদকের উপস্থিতি শনাক্ত হয়। পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। রুবেল হোসেন বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকিরতবক এলাকার বাসিন্দা এবং বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে মাদক কারবারে সম্পৃক্ততার অভিযোগ দীর্ঘদিন ধরে তদন্ত ও নজরদারিতে ছিল বলে জানিয়েছে অধিদপ্তর।
দৈনিক শেষকথা Seshkatha News