বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনায় অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে বরগুনার বিভিন্ন এলাকা থেকে আসা পাঁচ শতাধিক রোগী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। বরগুনার কৃতী সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা অ্যাডভোকেট মুরাদ খানের সৌজন্যে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
গত শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বরগুনা পৌর শহরের চরকলোনি হামিদিয়া প্রাথমিক বিদ্যালয়ে ‘মায়ের দোয়া ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’-এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত পরিচালক ডা. হুমায়ুন শাহীন খান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা অ্যাডভোকেট মুরাদ খান, বরিশাল আধুনিক চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. বাসার মাহমুদ, সাংবাদিক মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। আয়োজকরা জানান, সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পে বরগুনার বিভিন্ন এলাকার হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। দিনব্যাপী এ আয়োজনে পাঁচ শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
চিকিৎসা নিতে আসা রোগীদের অনেকেই জানান, আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ধরে চোখের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তাঁরা। অর্থের অভাবে যথাযথ চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে তাঁরা অত্যন্ত উপকৃত হয়েছেন।
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের মানবিক উদ্যোগ চিকিৎসাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর একটি ইতিবাচক দৃষ্টান্ত। মানবিক এ উদ্যোগের মাধ্যমে বরগুনার দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা।
দৈনিক শেষকথা Seshkatha News