ঢাকা প্রতিনিধি: স্বাস্থ্য খাতের উন্নয়ন ও জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বাজেট বরাদ্দ বাড়িয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। গত শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির (বিটিএস) অষ্টম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা-২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চিফ হুইপ বলেন, গত দুই বছর হামের টিকাদানে ঘাটতির কারণে স্বাস্থ্য খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। বিদ্যমান সমস্যা মোকাবিলা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার কাজ করছে। পাশাপাশি থাইরয়েড রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, গবেষণা, দ্রুত রোগ নির্ণয় ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, থাইরয়েড রোগের প্রতিরোধ ও চিকিৎসায় সচেতনতা তৈরিতে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়ার পাশাপাশি সংসদে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা করবেন। বাংলাদেশ থাইরয়েড সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী সম্মেলনে থাইরয়েড রোগ নির্ণয় ও চিকিৎসা, থাইরয়েড ক্যানসার, গর্ভাবস্থায় থাইরয়েড সমস্যা এবং আয়োডিনের ঘাটতিজনিত রোগ নিয়ে বৈজ্ঞানিক আলোচনা অনুষ্ঠিত হয়।
দৈনিক শেষকথা Seshkatha News