মহিবউল্লাহ কিরন, আমতলী প্রতিনিধি: সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হতে থাকে বরগুনার আমতলী শহরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই মিছিল রূপ নেয় বিশাল র্যালিতে।
গত রোববার (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই র্যালি এবং জনসভার আয়োজন করা হয়। র্যালির সামনে থেকে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির ফকির। ব্যানার, ফেস্টুন, বাদ্যযন্ত্র আর দলীয় স্লোগানে মুখরিত র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাঁধঘাট চৌরাস্তা মহাসড়কে গিয়ে পথসভায় মিলিত হয়। এ সময় পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। র্যালিতে আমতলী পৌরসভা ছাড়াও সদর, চাওড়া, গুলিশাখালী, আরপাঙ্গাশিয়া, হলদিয়া, কুকুয়া ও আঠারোগাছিয়া ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন। জনসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হিরু মৃধা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির ফকির ও বিএনপি নেতা নাসির তালুকদারসহ অন্যরা। পৌর বিএনপির আহবায়ক মো. কবির ফকির বলেন, ঐতিহাসিক ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় দিন। সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা জনাব জালাল উদ্দিন ফকির বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনীতিতে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পালটে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পালটা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহি-জনতার মিলিত ঐক্যের বিপ্লব দেশ ও জাতিকে অনাকাঙ্ক্ষিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। অভূতপূর্ব সেই বিপ্লব-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান।
দৈনিক শেষকথা Seshkatha News